সংবাদদাতা,বাঁকুড়াঃ- কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হল ১০ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ (ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ)। গত ৩১শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত চলা তিন দিনব্যাপী এই মেগা টুর্নামেন্টে দেশ-বিদেশের প্রতিযোগীদের টেক্কা দিয়ে ক্রীড়ামঞ্চে বাঁকুড়ার নাম উজ্জ্বল করল স্থানীয় ক্যারাটেকারা।
এই আন্তর্জাতিক মঞ্চে বাঁকুড়া জেলার নাম উজ্জ্বল করল অমিত মার্শাল আর্টস একাডেমি। একাডেমির ৭ জন প্রতিযোগী কাতা এবং কুমিতে বিভাগে অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। তাদের ঝুলিতে এসেছে ১টি সোনা, ৩টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ পদক। মোট ১০টি পদক জিতে জেলার মুখ উজ্জ্বল করল তারা।
সেইশিনকাই শিটো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৭ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। শুধু ভারতই নয়, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, নেপালের মতো দেশ থেকেও প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় যোগ দেয়।
এই কঠিন ও বিশ্বমানের রণক্ষেত্রে দাঁড়িয়ে বাঁকুড়ার প্রতিযোগীরা নিজেদের অসাধারণ রণকৌশল, নিখুঁত 'কাতা' এবং আগ্রাসী 'কুমিতে' প্রদর্শন করে একাধিক মেডেল ছিনিয়ে নিয়েছে।
প্রান্তিক জেলা বাঁকুড়ার এই অভাবনীয় সাফল্য শুধুমাত্র জেলার ক্রীড়ামহলেই নয়, সমগ্র রাজ্য জুড়েই প্রশংসা কুড়াচ্ছে। পরিকাঠামোগত নানা সীমাবদ্ধতা সত্ত্বেও, স্থানীয় প্রশিক্ষকদের কড়া অনুশাসন এবং ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমই তাদের এই আন্তর্জাতিক সাফল্য এনে দিয়েছে।