নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিপিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক বঞ্চনার অভিযোগে বিক্ষোভে সরব হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর শ্রমিক সংগঠন বিএমএস বা ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকরা।
বুধবার ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হন বিএমএসের কর্মী-সমর্থকরা। প্রশাসনিক ভবনের মূল গেট অবরোধ করে তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক বঞ্চনা, অস্থায়ী শ্রমিকদের সরকারি হারে বেতন না দেওয়া, বদলির অনিয়ম এবং স্থায়ী কাজের নিশ্চয়তা না থাকার অভিযোগ তোলেন। পরে ডিপিএল কর্তৃপক্ষের হাতে দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, শীঘ্র তাদের দাবি দাওয়া পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।
অন্যদিকে এই বিক্ষোভ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী।







