নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ– ধারালো অস্ত্র নিয়ে মা-বাবা সহ পরিবারের সদস্যের উপর হামলা চালাল দশম শ্রেণির এক ছাত্র। ঘটনায় মৃত্যু হয়েছে মায়ের। গুরুতর জখম হয়েছেন বাবা সহ তিনজন। ভয়ঙ্কর এই ঘটনাটি সামনে এসেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে।
জানা গেছে সোমবার রাত প্রায় ৮টা নাগাদ অভিযুক্ত কিশোর আচমকাই ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের উপর চড়াও হয়। প্রথমে তার মা দীপালি সরকারের উপর হামলা চালায়। মাকে বাঁচাতে বাবা নেপাল সরকার এগিয়ে এলে তাকেও এলোপাথাড়িভাবে কোপাতে শুরু করে অভিযুক্ত। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কিশোরের জ্যাঠতুতো দিদি প্রিয়াঙ্কা সরকার এবং জেঠিমা সন্ধ্যা সরকার। তাদের উপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ওই ছাত্র। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দীপালি সরকারের। গুরুতর আহত নেপাল সরকারকে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে গুরুতর জখম প্রিয়াঙ্কা সরকার এবং সন্ধ্যা সরকারকে ভর্তি করা হয়েছে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। তাদের অবস্থাও উদ্বেগজনক বলে জানা গেছে।
এদিকে পরিবারের সদস্যদের উপর হামলার পর অভিযুক্ত কিশোর আত্মহত্যার চেষ্টা করে। তাকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পুলিশি নজরদারিতে তার চিকিৎসা চলছে।
তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক অশান্তি, মানসিক অবস্থা নাকি অন্য কোনও কারণ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।


















