সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যে জাতীয় সড়ক পরিকাঠামোর ব্যাপক প্রসারে এক বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডঃ অজয় পোদ্দার। শনিবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তরপ্রদেশের আদলে আগামী পাঁচ বছরে রাজ্যে আরও বিস্তৃত হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তোলাই সরকারের প্রাথমিক লক্ষ্য।
এই উদ্দেশ্য বাস্তবায়নে আগামী ৪ আগস্ট দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত হয়েছে। পূর্বপ্রস্তুতি হিসেবে রবিবারই পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দল দিল্লি পৌঁছাবে। রাজ্যের দ্রুত শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য এই নতুন জাতীয় সড়ক প্রকল্পগুলির প্রস্তাব তুলে ধরা হবে বলে জানান তিনি।
পাশাপাশি, সাধারণ মানুষের সুবিধার্থে দুর্গাপুজোর আগেই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ষার শেষে ২০ অক্টোবরের পর থেকেই নতুন রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী।