নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনিবার এসআইআর প্রকল্পে প্রথম পর্যায়ে ভোটার লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে শুক্রবার রাজ্যের প্রতিটি প্রান্তে সর্বদলীয় বৈঠক করেছে কমিশন। দুর্গাপুরেও মহকুমা শাসকের উপস্থিতিতে মহকুমা শাসক দপ্তরে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। যেখানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এদিনের এই বৈঠকে তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, সিপিএমের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসু প্রমূখ।
বৈঠক শেষে তৃণমূলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”বহু মানুষের নাম বাদ যাবে। তাদের সমস্যার মুখে পড়তে হবে। তবে আমাদের কোন চাপের বিষয় নেই। মানুষের আবেগে আছে মা মাটি মানুষ।” অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন,”রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে একজন বাবার চল্লিশটা ছেলে কোথাও দেখা যাচ্ছে বয়সে পার্থক্য মাত্র ৩, ৪ মাসের। সেই জন্য এখন আদালতকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হচ্চে।”
কমিশন সূত্রে জানা গেছে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট জেলাশাসক, মহকুমাশাসকের অফিসের পাশাপাশি বুথে বুথে টাঙানো থাকবে। তার সঙ্গে কমিশনের ওয়েবসাইটেও দেখা যাবে তালিকা। ভোটার তালিকায় নাম থাকবে সকলের। তবে সেই নাম তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যাঁদের কোনও সমস্যা নেই তাঁদের নাম তালিকায় স্বাভাবিকভাবেই থাকবে। যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘ডিলিট’। আর যাঁদের নথি বিচারাধীন, তাঁদের নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ অর্থাৎ বিচারাধীন কথাটি উল্লেখ থাকবে।
প্রসঙ্গত এসআইআর প্রক্রিয়ার শুরুতে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। সেখান থেকে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ নাম। এই সংখ্যা বেড়ে এখন কততে দাঁড়ায় সেদিকেই নজর রাজ্য়বাসীর।


















