নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলের ভাইস প্রিন্সিপালকে গ্রেফতার করল পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার উখড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।
ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে স্কুলের ভিতরে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ভাইস প্রিন্সিপাল তথা শিক্ষক রাজা প্রসাদের বিরুদ্ধে। অভিযোগ, ওই ভাইস প্রিন্সিপাল ছাত্রীকে একা পেয়ে প্রায়শই আপত্তিকর আচরণ করতেন। সম্প্রতি ওই ছাত্রীকে নিজের অফিসের ভিতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। ভয়ে ও মানসিক আতঙ্কে ছাত্রীটি দীর্ঘদিন বিষয়টি চেপে গেলেও, পরবর্তীতে সে তার পরিবারকে সব জানায়। এরপরই পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ এবং পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
জানা গেছে কয়েকবছর আগে চালু হয় ওই ইংরেজি মাধ্যম স্কুলটি। স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। স্কুলের মধ্যেই আছে ছাত্রদের থাকার হোস্টেল। অন্যদিকে ঘটনাটি সামনে আসতেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।


















