সংবাদদাতা অণ্ডালঃ- শনিবার সকালে বসতবাড়ির সদর দরজার সামনে থেকে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল অন্ডালের বিশ্বেশ্বরী ময়রা ডিপো পাড়া এলাকায়। মৃতার নাম তারাদেবী ভুঁইয়া। তাঁর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই মৃতার স্বামী নিখোঁজ থাকায় খুনের রহস্য আরও ঘনীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বাড়ির সদর দরজার সামনে তারাদেবীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান এসিপি (অন্ডাল) দীপ কুমার দাস। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ভারী কোনো বস্তু দিয়ে সজোরে আঘাত করে ওই গৃহবধূকে খুন করা হয়ে থাকতে পারে। তবে এই ঘটনার পর থেকেই মৃতার স্বামী তপন ডোম পলাতক। প্রতিবেশীদের দাবি, তপন ডোম ছিলেন তারাদেবীর দ্বিতীয় পক্ষের স্বামী।
পারিবারিক বিবাদের জেরে কোন দাম্পত্য অশান্তির কারণে খুন, নাকি এর পিছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র বা কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পলাতক স্বামী তপন ডোমের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, পারিবারিক শত্রুতা বা অন্য কোনো সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।