সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল -: কারাগারের উঁচু প্রাচীর মানুষের শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু ভালোবাসা, অনুশোচনা আর ফিরে আসার আকাঙ্ক্ষাকে কখনও বন্দি করতে পারে না। সেই মানবিক বিশ্বাসকেই সামনে রেখে বৃহস্পতিবার আসানসোল জেলা সংশোধনাগারে পালিত হলো ‘পরিবার দিবস’ এবং আইনি সচেতনতা শিবির।
পশ্চিম বর্ধমান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সচিব অম্রপালী চক্রবর্তী, সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট চন্দ্রেয়ী হাইত, প্রোহিবিশন-কাম-আফটার কেয়ার অফিসার সমীরণ মাজি-সহ অন্যান্য আধিকারিক ও বন্দিরা।
অম্রপালী চক্রবর্তী জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য বন্দিদের পরিবার-পরিজনের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন, তাঁদের মানসিক পুনর্বাসনে সহায়তা করা এবং আইনি অধিকার সম্পর্কে সচেতন করে তোলা। চারজন বন্দির পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাক্ষাতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হলেও অনিবার্য পারিবারিক কারণবশত এদিন তাঁরা উপস্থিত হতে পারেননি। তবে সংশ্লিষ্ট পরিবারগুলির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই তাঁদের সাক্ষাৎ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিনামূল্যে আইনি সহায়তা, মামলার অগ্রগতি, আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং সমাজে সম্মানজনক পুনর্বাসনের নানা দিক নিয়ে আলোচনা হয়। সংশোধনাগার কর্তৃপক্ষের বিশ্বাস, পরিবারের স্নেহ, আইনের সহায়তা এবং সমাজের সহমর্মিতাই একদিন বন্দিদের নতুন জীবনের দরজা খুলে দিতে পারে।