সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ইতিহাসের পাতায় যে দিনটি আজও স্বাধীনতার আকাঙ্ক্ষার আগুন জ্বালিয়ে রাখে, সেই ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে আসানসোলে দেখা গেল রাজনৈতিক আবেগের অন্য ছবি। আসানসোলের গীর্জা মোড়ের কংগ্রেস কার্যালয়ে বিশেষ দলীয় বৈঠকের পাশাপাশি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের এক নেতা-সহ একাধিক কর্মী ও পদাধিকারী। যেন দীর্ঘ পথ পেরিয়ে ঘরের ছেলেদেরই ফেরার মুহূর্ত।
পুরোনো রাজনৈতিক সৈনিকদের একাংশও ফের কংগ্রেসের প্রতি আস্থা রেখে দলকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেন। এদিন মহাত্মা গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের বিরোধিতা করে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি।
বৈঠকে বক্তব্য রাখেন প্রসেনজিৎ পুইতন্ডি, সাহ আলম, প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি তরুণ রায়, বর্ষীয়ান নেতা অশোক রায় সহ একাধিক নেতৃত্ব ও কর্মী।
রাজনীতির পালাবদলের এই দিনে যেন অতীত আর বর্তমান এসে দাঁড়াল পাশাপাশি। দলবদলের ভিড়ে কংগ্রেসের এই ঘরে ফেরা কতটা নতুন শক্তির জন্ম দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।