সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল পুরনিগম এলাকায় ফের একবার সামনে এল বিপজ্জনক ও পুরোনো বাড়ির রক্ষণাবেক্ষণের অভাবের ছবি। শনিবার রাতে আচমকাই একটি পুরোনো বাড়ির পাঁচিল ভেঙে পড়ে গুরুতর জখম হলেন দুই স্কুটি আরোহী মহিলা। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানা এলাকায়। উৎসবের মরসুমের মুখে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দুই মহিলা স্কুটি চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই রাস্তার পাশে থাকা একটি জরাজীর্ণ পুরোনো বাড়ির সীমানা প্রাচীর আচমকাই হুড়মুড়িয়ে তাদের ওপর ভেঙে পড়ে। ইঁট ও কংক্রিটের চাঁইয়ের নিচে চাপা পড়ে যান দুই মহিলাই। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ধ্বংসস্তূপ সরিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসকদের মতে, দুজনেরই শরীরে গুরুতর আঘাত লেগেছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জী। তিনি আহতদের খোঁজ নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থলটি খতিয়ে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দুজন মহিলা গুরুতর আহত হয়েছেন। আসানসোল শহর জুড়ে এমন বহু পুরোনো ও বিপজ্জনক বাড়ি রয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি।"
তিনি আরও জানান, এই বিষয়ে তিনি আসানসোল পুরনিগমের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলবেন। শহরের সমস্ত বিপজ্জনক ও পুরোনো বাড়িগুলিকে অবিলম্বে চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে পুরআইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন তিনি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
ব্যস্ত রাস্তার ধারের এই ধরণের বিপজ্জনক বাড়িগুলি দ্রুত সংস্কার বা ভেঙে না ফেললে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরবাসী।