সংবাদদাতা,আসানসোলঃ- টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চলে গিয়েছে শহরের একাধিক এলাকা। জলবন্দি বহু মানুষ। উদ্ধার কাজে নেমেছে সিভিল ডিফেন্সের রেসকিউ টিম। অন্যদিকে আসানসোলের নিয়ামতপুর এলাকার জহরগড় ব্রিজের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইতে শুরু করেছে। জলের তীব্র তোড়ে ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ছে।
এরই মধ্যে গতকাল রাতে ওই ব্রিজ পারাপারের সময় জলের প্রবল স্রোতে একটি চারচাকা গাড়ি ভেসে যায়। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে। ওই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও পরে আরও বড় বিপদ ঘটে যায়। প্রবল স্রোতের মধ্যেই স্কুটি নিয়ে ব্রিজ পারাপারের সময় জলের তোড়ে দুই ব্যক্তি ভেসে যান। তাঁদের মধ্যে একজন কোনওরকমে নদীর ধারে থাকা একটি গাছ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান। কিন্তু অপর এক ব্যক্তি স্কুটি-সহ প্রবল স্রোতে তলিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি শুরু হয়েছে। প্রবল স্রোত ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই চলছে উদ্ধার ও অনুসন্ধান অভিযান।