এই বাংলায় দক্ষিণ বাংলা

এক রাতেই আসানসোলে আটক ৫টি কয়লাবোঝাই ট্রাক, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

By Eaibanglai - November 21, 2026
— Advertisement —
Advertisement
এক রাতেই আসানসোলে আটক ৫টি কয়লাবোঝাই ট্রাক, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- অবৈধ কয়লা পাচার রুখতে প্রশাসনের কড়া নজরদারির দাবির মাঝেই এক রাতে আসানসোল শিল্পাঞ্চল থেকে পরপর পাঁচটি কয়লাবোঝাই ট্রাক আটক করল সিআইএসএফ। বৃহস্পতিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের জুবলি মোড় এবং বারাবনির নুনি মোড় এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। এক রাতের মধ্যে বিপুল পরিমাণ কয়লাবোঝাই ট্রাক ধরা পড়ায় এলাকার সীমান্ত নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে প্রথমে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের জুবলি মোড়ে পরপর তিনটি কয়লাবোঝাই ট্রাক আটক করে সিআইএসএফ। এর কিছুক্ষণের মধ্যেই বারাবনি থানার নুনি মোড়ে আরও দুটি ট্রাক আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ট্রাকগুলির কাগজপত্র পরীক্ষা করতেই একাধিক অসঙ্গতি ধরা পড়ে, যার জেরে গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়।

তদন্তে জানা গিয়েছে, আটক হওয়া ট্রাকগুলির মধ্যে একটির পিছনের নম্বর প্লেট ইচ্ছাকৃতভাবে ঢাকা ছিল, যদিও সামনের প্লেট দেখে নম্বর শনাক্ত করা সম্ভব হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডের রাজমহল কোলিয়ারি থেকে কয়লা বোঝাই করে ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল এবং গাড়িটির মালিক জামুড়িয়ার বাসিন্দা আনন্দ কুমার। 

এদিকে একই রাতে  পাঁচটি কয়লাবোঝাই ট্রাক আটক হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। সীমান্তের নজরদারি এড়িয়ে একসঙ্গে এতগুলি কয়লাবোঝাই ট্রাক কীভাবে আসানসোলের জুবলি মোড় ও নুনি মোড় পর্যন্ত পৌঁছে গেল? যদি ট্রাকগুলির কাগজপত্রে কোনও অসঙ্গতি থেকে থাকে, তাহলে সীমান্তে সেগুলি পরীক্ষা করা হয়নি কেন? পথে থাকা বিভিন্ন পুলিশ চেকপোস্ট এবং নজরদারি ব্যবস্থার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। 

ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রথমে সিআইএসএফের জওয়ানরাই কয়লাবোঝাই ট্রাকগুলি আটক করেন। পরে সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ ট্রাকগুলিকে নিজেদের হেফাজতে নেয়। কেন সিআইএসএফকে প্রথমে এগিয়ে এসে ট্রাক আটক করতে হল? সিআইএসএফ ও পুলিশের মধ্যে অভিযানের সময় যথাযথ সমন্বয় ছিল কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ট্রাকগুলির চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরই কয়লা পরিবহণের বৈধতা এবং গোটা ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে বলে দাবি।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement