সনন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মহিলাদের নিরাপত্তার বর্ম আরও দৃঢ় করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পথচলা শুরু করল ‘দুর্গা স্কোয়াড’। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলাম, পুলিশ কমিশনার ড. প্রণব কুমার, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
প্রাথমিকভাবে ১০ জন প্রশিক্ষিত ও সশস্ত্র মহিলা পুলিশকর্মী ‘শ্রীশক্তি’ হয়ে ১০টি মোটরসাইকেল ও স্কুটিতে জেলার বিভিন্ন প্রান্তে নজরদারি চালাবেন। শ্লীলতাহানি, আক্রমণ, নির্যাতন, নারীর নিরাপত্তার প্রতি সামান্যতম হুমকির খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল জানান, নারী নিরাপত্তায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রতিটি থানায় মহিলা ডেস্ক ও মহকুমায় মহিলা থানা চালুর পাশাপাশি নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
উৎসবের প্রাক্কালে ‘দুর্গা স্কোয়াড’-এর আবির্ভাব যেন প্রতীকীও- দেবীর আরাধনার শহরে নারীর নিরাপত্তার প্রহরায় নারীশক্তিই এগিয়ে এল। বিপদের মুহূর্তে ১০০ বা ১১২ নম্বরে ফোন করলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই বিশেষ বাহিনী।