সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার আসানসোলে আয়োজিত হল এক বর্ণাঢ্য সচেতনতা ওয়াকাথন। 'আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সকালে আসানসোল রবীন্দ্র ভবন থেকে বেলুন উড়িয়ে পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, জেলাশাসক এস. পুন্নামবলম, ইসিএলের ডিরেক্টর ফিনান্স মহম্মদ আনজার আলম, ডিরেক্টর এইচআর গুঞ্জন কুমার সিনহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পুলিশ ব্যান্ডের নেতৃত্বে রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড় ও কোর্ট মোড় ঘুরে পোলো গ্রাউন্ডের এনসিসি মাঠে গিয়ে শেষ হয় এই ওয়াকাথন। ইসিএল, আইএমএ, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, আসানসোল রাইফেল ক্লাব, রেড ক্রস সোসাইটি-সহ আসানসোল, কুলটি, বরাকর ও বার্নপুরের বিভিন্ন সামাজিক সংগঠন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ছাত্রছাত্রী মিলিয়ে তিন শতাধিক মানুষ এই পদযাত্রায় পা মেলান।
অনুষ্ঠানে জেলাশাসক এস. পুন্নামবলম ডায়াবেটিসকে ‘নীরব ঘাতক’ আখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের পরামর্শ দেন। ইসিএলের ডিরেক্টর ফিনান্স মহম্মদ আনজার আলম রোগটিকে হালকাভাবে না নিয়ে সতর্ক থাকার বার্তা দেন এবং চিকিৎসক ডঃ অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্থূলতা নিয়ন্ত্রণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর জোর দেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের হাতে মেডেল তুলে দেওয়া হয়।