সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পুলিশ কমিশনারের আচমকা পরিদর্শনের সময় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তবর্তী কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্টে আটক করা হল গবাদি পশু বোঝাই ট্রাক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।
মঙ্গলবার গভীর রাতে আচমকা ডুবুরডিহি চেকপোস্ট পরিদর্শনে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার। জানা যায় সেই সময় চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন তল্লাশি চলাকালীন একটি ট্রাক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত তৎপরতা দেখিয়ে ট্রাকটিকে আটক করেন।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে মোট ১৫ টি মহিষ উদ্ধার করা হয়। বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় চালক সহ দুজনকে। ধৃতদের নাম হরে কৃষ্ণ সিং ও ধর্মেন্দ্র কুমার। ধৃত দু'জনই বিহারের বাসিন্দা। মহিষগুলিকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
বুধবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনও আন্তঃরাজ্য অবৈধ পশু পাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।