সংবাদদাতা,আসানসোলঃ- রূপনারায়ণপুরের পূর্ব রাঙামাটির মহাবীর কলোনি যেন এক অলিখিত মিউজিয়াম, যেখানে চার বছর ধরে সযত্নে সংরক্ষিত হচ্ছে ‘স্বস্তিকা ফ্ল্যাট’-এর উপচে পড়া নর্দমার অমূল্য জল! স্বস্তির বদলে স্বস্তিকা ফ্ল্যাটের নোংরা জলের প্রবাহ আর দুর্গন্ধই এখন স্থানীয় কলোনিয়া বাসীদের নিত্যদিনের সঙ্গী।
অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙায় পঞ্চায়েত প্রধানের দরবারে গণস্বাক্ষরের ডালি নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগীরা। তবে সাময়িক ঝাড়ুদারির দয়ায় নয়, নরকযন্ত্রণা থেকে চিরতরে মুক্তি চান শম্পা গাঙ্গুলী সহ ক্ষুব্ধ এলাকাবাসী। পঞ্চায়েত প্রধান বরাবরের মতো ‘দ্রুত খতিয়ে দেখে’ আশ্বাসের বাণী শুনিয়েছেন বটে, কিন্তু চার বছরের জমে থাকা পূতিগন্ধ কি আর স্রেফ আশ্বাসের আতরে উবে যায়?
বাসিন্দাদের সাফ কথা- এবার আর শুধু নাক চেপে হাঁটা নয়, স্থায়ী সমাধান না মিললে আন্দোলনের পথেই গড়াবে পথচলতি এই নোংরা জল। এখন দেখার, আমলাতন্ত্রের ঘুম ভাঙাতে স্থানীয়দের রাজপথে নামতে হয়, নাকি পঞ্চায়েতের কৃপায় মিলবে মুক্ত বাতাসের স্বাদ!