eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল জেলাসভাপতির পর এবার তৃণমূল বিধায়কের কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার

তৃণমূল জেলাসভাপতির পর এবার তৃণমূল বিধায়কের কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- তৃণমূল জেলা সভাপতির পর এবার তৃণমূল বিধায়কের দলীয় কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার। শুক্রবার সন্ধ্যায় জামুড়িয়া বিধানসভা এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্যালয়ের ভিতরে বিপুল পরিমাণ শাড়ি, ত্রিপল, কম্বল, লুঙ্গি ও গামছা মজুত অবস্থায় পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে নির্দিষ্ট উপভোক্তাদের হাতে না পৌঁছে একটি দলীয় কার্যালয়ে জমা করে রাখা হয়েছিল।

আসানসোল জেলা বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক রানা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের দলীয় কার্যালয় থেকে যে সামগ্রী উদ্ধার হয়েছে, তা সরকারি ত্রাণ সামগ্রী। যা সাধারণ মানুষের করের টাকায় কেনা হয়েছিল প্রয়োজনীয় মানুষের জন্য, কিন্তু সেগুলি দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। যে ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা ছিল, তা দলীয় কার্যালয়ে মজুত রাখা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

অন্যদিকে, জামুড়িয়া মণ্ডল ৪-এর সহ-সভাপতি দেবাশীষ মণ্ডল বলেন, “প্রাক্তন বিধায়কের অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এর মধ্যেই তৃণমূল নেতাদের আসল চেহারা প্রকাশ পাচ্ছে। তারা সবকিছু থেকেই লাভ করতে চান, এমনকি সরকারি ত্রাণ সামগ্রী নিয়েও।”

বর্তমানে পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় প্রাক্তন বিধায়ক বা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য গত বৃহস্পতিবারই পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধাক নরেন্দ্রনাথ চক্রবর্তীয় দলীয় কার্যালয় থেকেও ত্রিপল সহ বহু সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়, যা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments