সংবাদদাতা,আসানসোলঃ- আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মেলবন্ধনের এক অনন্য নজির সৃষ্টি করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানা। এলাকার বহু পুরনো ও সম্পূর্ণ ভগ্নদশাগ্রস্ত তিনটি মন্দিরকে সম্পূর্ণ নতুন রূপ দিয়ে আনুষ্ঠানিকভাবে সেগুলির দ্বার উন্মোচন করা হলো। বারাবনি থানার বিশেষ অর্থানুকূল্য ও তৎপরতায় এই নতুন বজরংবলী (হনুমান), শিব এবং তুলসী মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এই মন্দিরগুলি দীর্ঘদিন ধরে চরম জীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিষয়টি নজরে আসার পরই বারাবনি থানার পুলিশ আধিকারিকরা এটি সংস্কারের যৌথ উদ্যোগ নেন। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। ঐতিহ্যবাহী রীতি মেনে বাদ্যযন্ত্র ও ভক্তিগীতি সহযোগে একটি স্থানীয় পুকুর থেকে জল ভরে ১০৮টি পবিত্র কলস নিয়ে শোভাযাত্রা করে কচিকাঁচারা। সেই পবিত্র জল দিয়ে মন্দির প্রাঙ্গণ শুদ্ধিকরণের পর বৈদিক মন্ত্রোচ্চারণ, হোম ও যজ্ঞের মাধ্যমে মূল ধর্মীয় আচার সম্পন্ন করা হয়।
এদিনের এই উদ্বোধনী মহোৎসবে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে পুনর্নির্মিত মন্দিরগুলির দ্বার উন্মোচন করেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (IC) দিব্যেন্দু মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে আইসি ছাড়াও বারাবনি থানার সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত থেকে পুজোর উপাচারে অংশ নেন। পুলিশ প্রশাসনের এমন আন্তরিক ও ইতিবাচক পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা যায় এবং মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।