সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভা এলাকার অন্তর্গত নুনি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে এক বড়সড় বদল ঘটল। তৃণমূল কংগ্রেসকে সরিয়ে এই পঞ্চায়েতের ক্ষমতা দখল করল ভারতীয় জনতা পার্টি । অনাস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েতের সদস্যদের সম্মতিতে নতুন বোর্ড গঠিত হয়েছে। নতুন প্রধান পদে নির্বাচিত হয়েছেন ঋতু বাউরি এবং উপপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সীমা মণ্ডল।
নুনি পঞ্চায়েতে প্রথমবারের মতো পদ্ম শিবির বোর্ড গঠন করতেই বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়। ফলাফল ঘোষণার পর দলীয় কর্মীরা আবির খেলায় মেতে ওঠেন এবং বিজয় উৎসব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রধান ঋতু বাউরি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বার্থে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করব।” তিনি স্পষ্ট করে দেন, রাজনৈতিক পরিচয় নয়, বরং পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষের নাগরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান করাই হবে তাঁর প্রথম লক্ষ্য।
উক্ত নির্বাচন ও জয় প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অমল রায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন, “বিগত ১৫ বছর ধরে এই পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি চলেছে। সাধারণ মানুষের জন্য আসা উন্নয়নের কোনো কাজ না করে কেবল কাটমানি নেওয়ার সংস্কৃতি তৈরি করা হয়েছিল।” তিনি দাবি করেন, এলাকায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই এবার বিজেপি প্রথমবার এখানে পঞ্চায়েত প্রধান নির্বাচিত করতে সক্ষম হয়েছে এবং এখন থেকে সাধারণ মানুষ প্রকৃত উন্নয়নের সুফল পাবেন।
এদিনের এই বিশেষ নির্বাচনী প্রক্রিয়ায় এবং পরবর্তী বিজয় উৎসবে উপস্থিত ছিলেন বারাবনি বিজেপি মণ্ডল-২-এর বিশিষ্ট নেতা সোনা ব্যানার্জি সহ স্থানীয় স্তরের একাধিক কর্মী ও সমর্থক।