সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্য সীমান্তে পুলিশের কড়া নজরদারিতে বানচাল পাচার চক্র। পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টের কাছে পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১৫টি গরু এবং ১৩টি মোষ। এই ঘটনায় দুটি ট্রাকসহ চালক ও খালাসিদের আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্টের কাছে রুটিন নাকা চেকিং চলছিল। সেই সময় পুলিশের চোখ এড়িয়ে 'রংরুট' বা ভুল রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করছিল দুটি বড় ট্রাক। সন্দেহ হওয়ায় চৌরাঙ্গী ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ ধাওয়া করে ট্রাক দুটিকে আটক করেন।
এরপর ট্রাক দুটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশ আধিকারিকদের। উদ্ধার হয় ঠাসাঠাসি করে বোঝাই করা মোট ২৮টি গবাদি পশু। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গবাদি পশু বোঝাই এই ট্রাক দুটি ঝাড়খণ্ড থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। উদ্ধার হওয়া পশুগুলির পরিবহনের সপক্ষে চালক বা খালাসিরা কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি।
বৈধ কাগজ না থাকায় দুটি ট্রাকসহ চালক ও খালাসিদের আটক করে চৌরাঙ্গী ফাঁড়িতে নিয়ে আসা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের মূল পান্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের পাচার রুখতে চেকপোস্টগুলিতে কড়া নজরদারি ও নাকা চেকিং জারি থাকবে।