সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে অভিনব কায়দায় ত্রিপল ঢেকে গরু পাচারের ছক বানচাল করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ। বিষ্ণুপুর মহকুমার জয়পুর থানা এলাকার কুম্ভস্থল মোড় থেকে দুটি পিকআপ ভ্যান সহ ৫ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১৯টি গরু।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে দুটি পিকআপ ভ্যানের ওপর ত্রিপল ঢাকা দিয়ে ১৯টি গরুকে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে জয়পুর থানার পুলিশ কুম্ভস্থল মোড়ে ওত পেতে থাকে। গাড়ি দুটি সেখানে পৌঁছানো মাত্রই সেগুলিকে আটকে তল্লাশি চালানো হয়। ত্রিপল সরাতেই ভেতর থেকে গাদাগাদি করে রাখা ১৯টি গরু উদ্ধার হয়। বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় গাড়ির চালক ও খালাসি সহ ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত পিকআপ ভ্যান দুটিও।