সংবাদদাতা,কোলকাতাঃ- অন্নপূর্ণা ভাণ্ডার, মতুয়া এবং পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী-সহ একাধিক ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার একটি ফেসবুক লাইভ অধিবেশনে এসে তিনি রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান।
পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী মহিলা ও শিশুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই মহিলা নিজের ইচ্ছায় সেখান থেকে যেতে রাজি হবেন না। তবে এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার কোনও তাড়াহুড়ো করতে চায় না বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ সংক্রান্ত অভিযোগের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাঁরা যোগ্য, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন।’’ তিনি তথ্য দিয়ে জানান যে, এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৪৬ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে অন্নপূর্ণা পোর্টালে প্রায় সাড়ে চার লক্ষ অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রকৃত যোগ্যদের সুবিধা দেওয়ার প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ দিন আবাসন প্রকল্প নিয়ে আগের সরকারের বিরুদ্ধে গুরুতর বৈষম্যের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। ধর্মের ভিত্তিতে সুবিধা দেওয়ার অভিযোগ এনে নন্দীগ্রামের একটি গ্রামের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে আবাসের টাকা পাওয়া ৫৪ জনের মধ্যে মাত্র দু’জন হিন্দু ছিলেন এবং বাকি ৫২ জন মুসলিম ছিলেন। এই বিষয়ে সমস্ত হিসাব-নিকাশ খতিয়ে দেখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। একই সঙ্গে প্রকল্প তালিকায় নাম তোলার (‘ইনক্লুশন’) পাশাপাশি অযোগ্যদের নাম বাদ দেওয়ার আবেদনও সরকারের কাছে এসেছে বলে জানান তিনি।
বক্তব্যের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কড়া রাজনৈতিক আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ফেসবুকেই থাকুন আপনি, বিকেলবেলা। রাস্তায় যাতে বেরোতে না পারেন, তার ব্যবস্থা করব।’’ বারুইপুর এবং হালিশহরের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘‘বারুইপুরে গোল খেয়েছেন, হালিশহরেও চেষ্টা করেছিলেন, সেখানেও গোল খেয়েছেন।" মুখ্যমন্ত্রীর এই ফেসবুক লাইভ ঘিরে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।