সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের শিল্পাঞ্চলের বাতাসে আজ কয়লার গুঁড়োর সাথে মিশে গেছে এক তীব্র ক্ষোভের উত্তাপ। মঙ্গলবার কুলটির চিনাকুড়ি ইসিএলের ৩ নম্বর কোলিয়ারির চত্বর কেঁপে উঠল বঞ্চিত যুবকদের প্রতিবাদী সোচ্চার কণ্ঠস্বরে। 'সমস্ত গ্রাম কমিটি'র পতাকাতলে একত্রিত হয়ে স্থানীয় অধিবাসীরা তাঁদের মৌলিক চার দফা দাবিতে এক উত্তপ্ত বিক্ষোভের আগুন জ্বালান, যার কেন্দ্রে রয়েছে ঘরের ছেলে-মেয়েদের কাজের অধিকার।
বহুদিন ধরে কোলিয়ারির দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে স্মারকলিপি প্রদান ও আর্জি জানিয়েও মিলেছে কেবল শীতল উপেক্ষা। মাটির বুক চিরে সম্পদ আহরণ করা হলেও, সেই মাটির সন্তানদের ভাগ্যে জুটেছে অনাহার ও অনিশ্চয়তা।
ক্ষুব্ধ গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি- এই লিখিত আবেদনও যদি বধির কর্তৃপক্ষের কানে না পৌঁছায়, তবে আগামী দিনে কয়লা খনির শান্ত প্রাঙ্গণ রূপ নেবে এক উত্তাল গণ-আন্দোলনের রণক্ষেত্রে। কর্তৃপক্ষের নীরবতার আড়ালে এখন পুঞ্জীভূত হচ্ছে আরও এক বৃহত্তর সংগ্রামের ঝোড়ো মেঘ।