উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে উদ্বেগ, জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী

By Eaibanglai - November 23, 2026
— Advertisement —
Advertisement
বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে উদ্বেগ, জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে আগুন, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওপার বাংলায় বহু মানুষের আত্মীয়স্বজন রয়েছেন এ পারে। ফলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এ রাজ্যের মানুষের উদ্বেগ ও প্রতিক্রিয়া স্বাভাবিক বলেই মনে করছেন তিনি। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় যাঁরা আসবেন, তাঁদের আবেদনের সময়সীমা বাড়ানো যায় কি না, তা নিয়েও ভাবনাচিন্তার ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর কথায়, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন। সীমান্তে অবশ্য কড়াকড়ি রয়েছে। মেডিক্যাল ভিসার আবেদন করেই অনেকে এই দেশে আসছেন। 

রবিবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পরিস্থিতি থেকে শুরু করে রাজ্যের শিল্পায়ন, শিক্ষা, নারীকল্যাণ এবং পরিকাঠামো—একাধিক বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। অবৈধ অনুপ্রবেশের প্রশ্নে কড়া অবস্থানের কথা জানিয়ে তিনি দাবি করেন, এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি বাংলাদেশিকে বেআইনি ভাবে এ দেশে প্রবেশের অভিযোগে ফেরত পাঠানো হয়েছে।

অন্য দিকে, রাজ্যে কিশোরী ও নাবালিকাদের স্বাস্থ্য এবং বাল্যবিবাহ প্রতিরোধে নতুন আর্থিক সহায়তার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৬০ হাজারের বেশি প্রাতিষ্ঠানিক প্রসব হয়েছে ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের ক্ষেত্রে। এই প্রবণতা কমাতে উচ্চমাধ্যমিকের পরে কলেজে পড়ার সময় ছাত্রীদের আর্থিক সহায়তার পরিকল্পনা করা হয়েছে। প্রথম দু’বছর মাসে ১৭০০ টাকা এবং শেষ বছরে ১৬ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বাল্যবিবাহ রুখতে গ্রেফতারির পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে আরও নমনীয় নীতি নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।


উৎসবের প্রশ্নেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। খ্রিস্টান সম্প্রদায়ের তরফে সাত দিন ধরে উৎসব পালনের জন্য একটি আবেদন এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও উৎসব বন্ধ হবে না। ময়দানে নমাজ হয়েছে, একই ভাবে সব ধর্মের অনুষ্ঠানই হবে। উৎসব পালনের ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।


শিল্পায়নের প্রশ্নে এ দিন বিশেষ গুরুত্ব পেয়েছে সিঙ্গুর। রাজ্যের শিল্পোন্নয়ন নিগমকে (ডব্লিউবিআইডিসি) জমি কেনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নিগম জমি কিনবে, আর সেই জমি কাকে দেওয়া হবে, তা সরকার ঠিক করবে। সিঙ্গুরে ৯৯৭ একর জমি যুক্তিসঙ্গত দামে কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরুলিয়াতেও জমি কেনার পরিকল্পনা রয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি।

নিউ টাউনকে ঘিরেও একাধিক বড় প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আদানি গোষ্ঠীর হাত ধরে সেখানে মেডিসিটি গড়ে ওঠার কথা জানিয়েছেন তিনি। আম্বাণীদের জমিতে তৈরি হবে বালাজি মন্দির। পাশাপাশি নতুন হাই কোর্ট, বিধানসভা এবং প্রশাসনিক ক্যাম্পাস তৈরির পরিকল্পনাও রয়েছে। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তি স্থাপনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিউ টাউনে যাঁরা জমি বিক্রি করতে চান, তাঁদের সরকারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি। সব মিলিয়ে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সিএএ-তে মানবিক দৃষ্টিভঙ্গির প্রশ্ন এবং রাজ্যের শিল্প ও পরিকাঠামো উন্নয়ন—এক সাংবাদিক সম্মেলন থেকেই একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement