নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বর্ষার মরসুম শেষের মুখে হলেও শিল্পশহর দুর্গাপুরে নতুন করে মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গির আতঙ্ক। দুর্গাপুর নগর নিগমের মেনগেট এলাকায় এক নাবালকের শরীরে ডেঙ্গি সংক্রমণের খবর আসতেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। আক্রান্ত ওই নাবালক সম্প্রতি মেনগেট এলাকায় তার মামার বাড়িতে এসে থাকতে শুরু করেছিল। তবে তার মাঝেমধ্যেই কলকাতায় যাতায়াত ছিল বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দিনকয়েক আগে ওই নাবালকের শরীরে তীব্র জ্বর ও টাইফয়েডের উপসর্গ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারি ল্যাবে তার রক্তের নমুনা পরীক্ষা করানো হয়। গত রবিবার সন্ধ্যায় দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে, ওই নাবালকের ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পজিটিভ আসার খবর জানাজানি হতেই নাবালকের বাবা চিকিৎসার জন্য তাকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে চলে যান বলে খবর।
তবে এই নাবালকের ডেঙ্গি সংক্রমণের উৎস ঠিক কোথায় তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দুর্গাপুরে মামার বাড়িতে থাকাকালীন সে এডিস মশার কামড়ে সংক্রমিত হয়েছে, নাকি কলকাতা থেকে ডেঙ্গির জীবাণু বহন করে এনেছে— সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুরসভার আধিকারিকরা।
এই ঘটনার পর নড়েচড়ে বসেছে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতর। মেনগেট এলাকায় মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং ডেঙ্গির সম্ভাব্য সংক্রমণ রুখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। আক্রান্তের মামার বাড়ির আশপাশের এলাকায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ টিম পাঠানো হয়েছে। ওই এলাকায় আর কারও জ্বর বা ডেঙ্গির উপসর্গ রয়েছে কি না, তা জানতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি লার্ভা বিনাশক স্প্রে ও ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও জোরকদমে চলছে।