নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগাম জামিন নিতে আসা তৃণমূলের দুই নেতাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের সিটিসেন্টারে।
জানা গিয়েছে, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় আগাম জামিনের আবেদন করতে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির হয়েছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্তোষ পাসোয়ান ও তার ভাই। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালতে পৌঁছে যান ওই সময়ের আক্রান্ত বলে দাবি করা বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, ভোটের পর এলাকায় সন্ত্রাস, হামলা ও অত্যাচারের অন্যতম মুখ ছিল সন্তোষ পাসোয়ান। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। ।
এদিন সন্তোষ পাসোয়ান ও তার ভাই আদালতে আসছেন খবর পেয়ে আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ দুই পাসোয়ান ভাই ওই বিক্ষোভ দেখে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে ধরে ফেলেন বিক্ষোভকারীরা এবং একটি গাড়িতে তাদের জোড় তুলে নিয়ে যাওয়া হয়। যদিও বিজেপি সমর্থকরা দাবি করেন বহুদিন ধরে পলাতক ওই অভিযুক্ত নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।












