একদিন নিখোঁজ থাকার পর বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে ছয় বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার তীব্র চাঞ্চল্য ছড়াল আসানসোল দক্ষিণ থানার ৫৪ নম্বর ওয়ার্ডের তুরী পাড়ায়। মৃত শিশুর নাম ঋত্বিক রুজ।
পরিবার সূত্রে জানা গেছে, শিশুর বাবা ছোটু রুজ পেশায় রাজমিস্ত্রি এবং মা পূর্ণিমা রুজ গৃহপরিচালিকার কাজ করেন। শনিবার তাঁরা যখন কাজে বাইরে ছিলেন, সেই সময় থেকেই শিশুটি নিখোঁজ ছিল। বাড়ি ফিরে ছেলেকে দেখতে না পেয়ে তাঁরা চারদিকে খোঁজাখুঁজি করেন এবং পরবর্তীতে আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করেন। খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি শুরু করে।
রবিবার সকালে ওই জঙ্গল থেকে শিশুর নিথর দেহ উদ্ধার হয়। তবে বাবা ছোটু রুজের দাবি, শনিবার তাঁরা ওই জঙ্গলে বহুবার খোঁজ করলেও তখন সেখানে কিছু দেখা যায়নি। হঠাৎ কীভাবে জঙ্গলে ওই শিশুর দেহ এল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।