নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ঝাড়খণ্ড ও আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উদ্ধার করা হয়েছে প্রায় ১২২কেজি গাঁজা। গ্রেফতার করা হয়েছে মূল সরবরাহকারীকে। ধৃত কালিপাদম ভান্ডারি ঝাড়খণ্ডের জামতারা জেলার নালা থানা এলাকার বাসিন্দা।
ডেপুটি পুলিশ কমিশনার এক সংবাদ সম্মেলনে জানান, কমিশনারেট এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে একটি ধারাবাহিক অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে প্রথমে জামুরিয়া থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পলাশপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই মামলাগুলোর তদন্ত চলাকালে পুলিশ ঝাড়খণ্ড থেকে পরিচালিত একটি বড় পাচার চক্রের হদিশ পায়। এরপরই ঝাড়খণ্ডের নালা থানা এলাকার বাসিন্দা এবং এই নেটওয়ার্কের প্রধান সরবরাহকারী কালিপাদম ভান্ডারিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবা করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার (প্রায় ১২২ কিলোগ্রাম) করা হয়।
পুলিশ জানিয়েছে, এই নেটওয়ার্ক সম্পর্কিত তিনটি পৃথক মামলায় এখন পর্যন্ত মোট তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধান চলছে এবং মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।