নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে মাল্টি-ডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা করে নিলেন দুর্গাপুরের ছেলে উইকেটকিপার-ব্যাটার অভিপ্রায় বিশ্বাস। এই খবর চাউর হতেই খুশির হাওয়া শিল্পশহর দুর্গাপুরে। জাতীয় যুব দলের নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিপ্রায়ের পরিবার ও স্থানীয় ক্রীড়ামহল।
শহরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর সংলগ্ন সুকান্তপল্লির বাসিন্দা অভিপ্রায় স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। নিজের দাদার হাত ধরেই ক্রিকেট পিচে তাঁর প্রথম পদক্ষেপ। ছোটবেলা থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন বুকে লালন করে আসা এই কিশোর প্রথমে দুর্গাপুরের শ্রমিকনগর ক্রিকেট অ্যাকাডেমিতে প্রায় এক বছর প্রশিক্ষণ নেন। এরপর ক্রিকেটের আরও উন্নত পাঠ ও টি-২০ অনুশীলনের লক্ষ্যে তিনি কলকাতায় পাড়ি জমান। কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই অবশেষে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন তিনি।
অভিপ্রায়ের এই সাফল্যে তাঁর পরিবারে বইছে আনন্দের জোয়ার। ছেলের ক্রিকেটের স্বপ্নপূরণের জন্য দিন-রাত এক করে পরিশ্রম করেছেন মা আলোকা বিশ্বাস। নিজের বেশিরভাগ সময়টাই ছেলের ক্রিকেট কেরিয়ারের পিছনে দিয়েছেন তিনি। তাই ছেলের এই সাফল্যে আজ তিনি অত্যন্ত গর্বিত। অভিপ্রায়ের বাবা পঙ্কজ কুমার বিশ্বাস পেশায় একজন চিকিৎসক। মা, বাবা, দাদা ও বোনকে নিয়ে তাঁর এই পরিবার। নিজের এই সাফল্যের পিছনে পরিবারের প্রত্যেক সদস্যের অকুন্ঠ সহযোগিতাকেই অন্যতম প্রধান কারণ বলে মনে করেন অভিপ্রায়।
দাদা অসিত কুমার বিশ্বাস আবেগঘন গলায় বলেন, “আজ আমার কাছে অত্যন্ত গর্বের দিন। ছোটবেলা থেকেই অভিপ্রায় বলত, একদিন ভারতীয় দলের জার্সি পরে দেশের হয়ে ক্রিকেট খেলবে। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে ও অনেক পরিশ্রম করেছে এবং আজ তার ফল পেল। তবে এখনও তাকে অনেক দূর যেতে হবে।”
ব্যাট হাতে মিডল-অর্ডারে খেলতেই বেশি পছন্দ করেন অভিপ্রায়। ব্যাটিংয়ের ক্ষেত্রে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে তাঁর দারুণ পছন্দ। তবে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁর অনুপ্রেরণা অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। এমনকি উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনির তুলনায় ঋদ্ধিমান সাহাকেই নিজের পছন্দের তালিকায় এগিয়ে রাখছেন দুর্গাপুরের এই নতুন ‘স্টাম্প-মাইস্ট্রো’।
আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে রাজকোট ও আহমেদাবাদের মাঠে নামার অপেক্ষায় দিন গুনছেন দুর্গাপুরের এই কৃতি সন্তান। অজি পেসারদের বিরুদ্ধে ব্যাট ও গ্লাভস হাতে নিজেকে মেলে ধরতে সম্পূর্ণ প্রস্তুত অভিপ্রায়।