নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাতসকালেই এক যুবকের নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ব্যস্ততম সিটি সেন্টার এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পাশে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবরটি জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম নয়ন দাস (২৯)। তিনি দুর্গাপুরের ভিড়িঙ্গি বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন ভাড়া গাড়ির চালক ছিলেন বলে জানা গেছে। এদিন সকালে বাস স্ট্যান্ড এলাকার ওই দোকানের পাশে তাঁর দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত খবর দেন পুলিশে।
খবর পেয়েই দুর্গাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এই ঘটনার প্রকৃত কারণ ও রহস্য স্পষ্টভাবে জানা যাবে। পুরো ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সব দিক বিবেচনা করে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।