নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজয়া সম্মিলনীর শুভেচ্ছা সম্বলিত ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল দুর্গাপুর থানার নিউটন এলাকা। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইট ও ডিম বৃষ্টি এবং পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
জানা গেছে, নিউটন এলাকায় বিজেপির পক্ষ থেকে বিজয়া সম্মিলনী উপলক্ষে দলীয় পতাকা ও বিজয়ার শুভেচ্ছা সম্বলিত ব্যানার লাগানো হয়েছিল। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির প্রাক্তন সদস্য বান্টি সিং ও তাঁর অনুগামীরা এদিন সকালে বিজেপির সেই সমস্ত ব্যানার ও পতাকা খুলে ফেলে দেন। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং বিজেপি কর্মীরা ঘটনাস্থলে এসে তীব্র প্রতিবাদ শুরু করেন।
প্রতিবাদকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধা যায়। সংঘর্ষ চলাকালীন এক যুবককে ড্রেনে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে একে অপরকে লক্ষ্য করে ইট ও ডিম ছোঁড়া হয়। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত কর্মীদের শান্ত করতে গেলে পুলিশের সাথেও তাদের ধস্তাধস্তি বাধে।
ঘটনা প্রসঙ্গে বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, "আমরা বিজয়া সম্মিলনী উপলক্ষে এলাকায় পতাকা ও ব্যানার লাগিয়েছিলাম। সকালে খবর পাই তৃণমূলের দুষ্কৃতী বান্টি সিং দলবল নিয়ে আমাদের সমস্ত পতাকা ফেলে দিয়েছে। আমরা তারই গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানিয়েছিলাম। এই বান্টি সিং বিগত ৪ তারিখের পর থেকে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমাদের দলে তার কোনও জায়গা নেই। আমরা তাকে কোনওভাবেই জায়গা দেব না।"
এদিনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চড়েছে শিল্পশহরে।