নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শরতের নীল আকাশে এখন বিষাদের সুর। ঢাকের চেনা তালে আজ উমাকে বিদায় জানানোর পালা। চারদিনের আনন্দ-উৎসব শেষে মণ্ডপে মণ্ডপে নেমে এসেছে মনখারাপের আবহ। তবে সেই মনখারাপকে দূরে সরিয়ে রেখে, আনন্দ, উচ্ছ্বাস আর রঙের মেলবন্ধনে মেতে উঠলেন মহিলারা। বিজয়া দশমীর পুণ্য তিথিতে সিঁদুর খেলায় মাতলেন দুর্গাপুরের বামুনাড়া বিবেকানন্দ পার্কের মেনগেট লিংক পার্কের মহিলারা।
এদিন সকাল থেকেই পুজো প্রাঙ্গণে ছিল চোখে পড়ার মতো ভিড়। লাল, সাদা সহ রংবেরঙের শাড়িতে সেজে একত্রিত হন এলাকার মহিলারা। দেবী বরণের পর তাঁরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। পরস্পরকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে চলে বিজয়ার কোলাকুলি। লাল সিঁদুরে রাঙিয়ে ওঠে একে অপরের মুখ। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা পুজো প্রাঙ্গণ।
শুধু সিঁদুর খেলাই নয়, ঢাকের তালে তাল মিলিয়ে কোমর দোলাতেও দেখা যায় মহিলাদের। ঢাকের আওয়াজ আর মহিলাদের স্বতঃস্ফূর্ত নাচে উৎসবের শেষ মুহূর্তের আমেজ যেন আরও রঙিন হয়ে ওঠে। বছরভর অপেক্ষার পর এবার মাকে বিদায় জানানোর পালা। তাই একদিকে যেমন রয়েছে মাকে বিদায় জানানোর মনখারাপ, অন্যদিকে তেমনই আগামী বছর আবারও মায়ের আগমনের আশায় বুক বাঁধছেন সকলে।
সিঁদুর খেলার মধ্য দিয়ে মায়ের কাছে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মহিলারা। তাঁদের প্রার্থনা, মা যেন আগামী দিনগুলোতে সকলের জীবন আনন্দে ভরিয়ে দেন।
সব মিলিয়ে, বিজয়ার এই দিনে লাল সিঁদুরের রঙে, ঢাকের তালে আর হাসিমুখের আড়ালে মিশে থাকে বিদায়ের বিষাদ। এবার অপেক্ষা আর একটা বছরের। আবারও শরতের আকাশে ভেসে উঠবে কাশফুলের দোলা, বাজবে ঢাক, আর মর্ত্যে ফিরে আসবেন ঘরের মেয়ে উমা।