নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অন্নপূর্ণা যোজনার নথি জমা নেওয়ার নাম করে ঘরে ঢুকে এক যুবতীকে শ্লীলতাহানি করার গুরুতর অভিযোগ উঠল এলাকার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম বিশ্বনাথ বাউড়ি বলে জানা গিয়েছে।
নির্যাতিতা যুবতীর দাবি, চলতি মাসের ৫ তারিখে অভিযুক্ত বিশ্বনাথ বাউড়ি অন্নপূর্ণা যোজনার ফর্ম ও নথিপত্র নেওয়ার নাম করে তাঁর বাড়িতে আসে। সেই সময় বাড়িতে ওই যুবতী একাই ছিলেন। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে অভিযুক্ত বিশ্বনাথ ওই যুবতীর ঘরে ঢোকে এবং তাঁর শ্লীলতাহানি করে।
ঘটনার পর পরই ওই যুবতী কাঁকসা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শনিবার সেই পুঞ্জীভূত ক্ষোভের আঁচ পৌঁছায় সরাসরি কাঁকসা থানাতেও। দোষীর অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।
এদিকে অভিযুক্ত বিশ্বনাথ বাউড়ি এলাকাতেই সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। এই বিতর্কিত ঘটনা প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আইন আইনের পথে চলবে। অভিযুক্ত যদি বিজেপির কর্মীও হয়ে থাকে, তাহলেও তাকে কোনওভাবেই আড়াল করা বা ছাড় দেওয়া হবে না।”
অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।