এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুর মহকুমা হাসপাতালে হুইলচেয়ার প্রদান বিধায়কের

By Eaibanglai - August 08, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুর মহকুমা হাসপাতালে হুইলচেয়ার প্রদান বিধায়কের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ও বহির্বিভাগের রোগীদের সুবিধার্থে এবং হাসপাতালের পরিষেবা আরও গতিশীল করতে ১০টি নতুন হুইলচেয়ার প্রদান করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। শুক্রবার হাসপাতাল চত্বরে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই হুইলচেয়ারগুলি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

শিল্পাঞ্চলের অন্যতম ব্যস্ত এই সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত হুইলচেয়ারের অভাব ছিল। এর ফলে বয়স্ক, অসুস্থ এবং শারীরিকভাবে অক্ষম রোগীদের জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে কিংবা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হতো রোগীর পরিজনদের। অনেক সময় পর্যাপ্ত হুইলচেয়ার না পেয়ে রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো, যা তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলত। হাসপাতাল কর্মীরাও পরিকাঠামোগত এই ঘাটতির কারণে সময়মতো পরিষেবা দিতে সমস্যায় পড়ছিলেন।

রোগীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ ও সমস্যার কথা বিবেচনা করেই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ১০টি আধুনিক হুইলচেয়ারের ব্যবস্থা করেন বিধায়ক লক্ষ্মণ ঘরুই। হুইলচেয়ারগুলি হস্তান্তর করার পর বিধায়ক জানান, সরকারি হাসপাতালে সাধারণ ও দুঃস্থ মানুষ চিকিৎসার জন্য আসেন। তাঁদের যাতে ন্যূনতম পরিকাঠামোর অভাবে কষ্ট পেতে না হয়, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীদিনেও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে তিনি সাধ্যমতো পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়কের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। তাঁদের মতে, এই নতুন হুইলচেয়ারগুলির ফলে হাসপাতালে আসা অসহায় ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা অনেক সহজ হবে এবং ওয়ার্ডের দৈনন্দিন কাজেও গতি আসবে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement