নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে নির্মিত অত্যাধুনিক সুইমিং পুলের উদ্বোধন হল শুক্রবার। দুর্গাপুরের ক্রীড়া পরিকাঠামোয় যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
নতুন এই সুইমিং পুলটি আধুনিক মানের পরিকাঠামো দিয়ে তৈরি করা হয়েছে। এর ফলে দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার প্রতিভাবান সাঁতারুদের জন্য উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে এবং এতে নতুন প্রজন্মের মধ্যে সাঁতার শেখা ও প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চার সুযোগ অনেকটাই বাড়বে বলে মনে করছেন শহরের ক্রীড়া প্রেমীরা। এছাড়াও ভবিষ্যতে এখানে বিভিন্ন প্রতিযোগিতা এবং ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা সম্ভব হবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএর সিইও অদিতি চৌধুরী , ডিসিপি ট্রাফিক সতীশ পাশুমার্তি, ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
ভবিষ্যতে এখান থেকেই নতুন প্রতিভা উঠে এসে রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করবে বলে এদিন আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।


















