সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অঙ্গদপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পরপর দুই রাতে চুরির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। ধৃত যুবকের নাম অভিজিৎ বাদ্যকর (২৪)। সে অঙ্গদপুরেরই বাসিন্দা। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তার হেফাজত থেকে স্কুল থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গত ২১ ও ২২ জুন পরপর দুই রাতে ওই প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। স্কুলের তালা ভেঙে একটি ঘণ্টা, একাধিক সিলিং ফ্যান, পিতলের জলের কল এবং বৈদ্যুতিক ওয়্যারিং ছিঁড়ে তামার তার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ফ্যান ও বিদ্যুতের তার চুরি হয়ে যাওয়ায় তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তির মুখে পড়তে হয় খুদে পড়ুয়াদের। বিঘ্নিত হয় স্কুলের স্বাভাবিক পাঠনপাঠন।
স্কুলের প্রধান শিক্ষক তন্ময় কিশোর রায় কোক ওভেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, খবর পেয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কোক ওভেন থানার পুলিশকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে অঙ্গদপুর এলাকা থেকেই অভিযুক্ত অভিজিৎ বাদ্যকরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া ফ্যান, ঘণ্টা ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।