eaibanglai
Homeএই বাংলায়“দুর্গাপুরের ক্রিকেটকে আমরা জাতীয় স্তরে তুলে ধরতে চাই” সৌরভ গঙ্গোপাধ্যায়

“দুর্গাপুরের ক্রিকেটকে আমরা জাতীয় স্তরে তুলে ধরতে চাই” সৌরভ গঙ্গোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক ক্রিকেট গ্রাউন্ড। খুশির হাওয়া শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে। প্রসঙ্গত রবিবার দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালে শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । সেখানেই এই ঘোষণা করে তিনি জানান, ভগৎ সিং ক্রীড়াঙ্গনে সিএবি (ক্রিকেট অ্যাশোসিয়েশন অব বেঙ্গল) এর উদ্যোগে ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলা হবে।

এদিন তিনি মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেল, “ভগৎ সিং স্টেডিয়ামের পরিকাঠামো দেখে আমি সত্যি আপ্লুত। এখানে খেলাধূলার যে পরিবেশ তৈরি হয়েছে তা প্রশংসনীয়। ভগৎ সিং ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়ে সিএবি সম্পূর্ণভাবে আশাবাদী। এই মাঠের পরিকাঠামো অনেক বড়। ভবিষ্যতে এখান থেকে আরও বেশি করে ক্রিকেটার উঠে আসুক, সেটাই আমাদের লক্ষ্য। তার জন্য যে পরিকাঠামো দরকার সব কিছু আমরা তৈরি করে দেব। আমি সিএবির সভাপতি হিসেবে এই আশ্বাস দিচ্ছি। এর জন্য কোনও অর্থ লাগবে না। সম্পূর্ণ খরচ বহন করবে সিএবি। প্র্যাক্টিস উইকেট, ম্যাচ উইকেট, ড্রেসিং রুম সব কিছু সিএবি নিজের উদ্যোগে তৈরি করে দেবে। দুর্গাপুরের ক্রিকেটকে আমরা জাতীয় স্তরে তুলে ধরতে চাই।”

রবিবার সন্ধ্যায় স্পোর্টস কার্নিভালে শেষ দিনের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে শহরজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। ভগৎ সিং ক্রীড়াঙ্গন চত্বর ভরে ওঠেছিল ক্রীড়াপ্রেমী মানুষ, ক্লাবকর্তা ও তরুণ খেলোয়াড়দের উপস্থিতিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে থেকে দেখার পাশাপাশি তাঁর মুখে দুর্গাপুরের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আশ্বাস শুনতে মুখিয়ে ছিলেন সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের প্রতিনিধি সন্দীপ দে সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণার পর দুর্গাপুর রাজ্য তথা দেশের ক্রীড়া মানচিত্রে জায়গা করে নিতে চলেছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments