নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহিলাদের স্বনির্ভরতা ও ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের প্রসারের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্যের সমবায় দপ্ত। এই উপলক্ষ্যে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও স্বনির্ভর করে তুলতে এবং তাঁদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঋণ সহ প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধারর মতো বিষয়গুলির পাশাপাশি উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ ও অনলাইন সরকারি প্ল্যাটফর্মে পণ্য সামগ্রী বিক্রয়ের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত, স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে গ্রামীণ ও শহরতলির বহু মহিলা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তাঁদের তৈরি সামগ্রীর গুণমান ও বৈচিত্র্য থাকলেও অনেক সময় উপযুক্ত বাজারের অভাবে ব্যবসা বড় আকার ধারণ করতে পারে না। সেই সমস্যা দূর করতে সরকারি সহযোগিতার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী কলিতা মাজি-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, সরকারি সহায়তা, সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা এবং অনলাইন বিপণনের সুযোগ—এই তিনটি বিষয়কে সামনে রেখে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবসায়িকভাবে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে ।
আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত আরও বেশি মানুষ যাতে সরকারি সুযোগ-সুবিধার আওতায় আসতে পারেন, সেই লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।