সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- অভিযোগ, কোন অন্যায় ছাড়াই ১০ জন চালককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদে দুর্গাপুরের এইচপিসিএলের গ্যাস প্ল্যান্টে বিক্ষোভে সামিল হলেন গ্যাস পরিবহনের চালকেরা।
চালকদের দাবি, কাজ থেকে বসিয়ে দেওয়ার কারণ জানতে এইচপিসিএলের কর্তৃপক্ষের কাছে গেলে তাদের সঙ্গে কেউ কথা বলেনি। উল্টে শাসানো হয়েছে। তবে শুধু ছাঁটাই নয়। এর পাশাপাশি একাধিক বিষয় নিয়েও এদিন সরব হন চালকেরা। তাদের অভিযোগ, এইচপিসিএলে ভালো পার্কিং নেই, পানীয় জলের কোনও সুব্যবস্থা নেই। বছরের বছর ধরে এই সমস্যা চলছে। কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও সুরাহা হয়নি।
এর পাশাপাশি চালকরা এদিন জানান, এখন যে রোজগার হওয়ার কথা, তার অর্ধেকও বর্তমানে হচ্ছে না। এই টাকায় সংসার চলে না। তার ওপর প্রতিদিন ইচ্ছেমতো চাপ সৃষ্টি করা হচ্ছে এবং কোন কারণ ছাড়াই যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে।
এদিন হুঁশিয়ারির সুরে বিক্ষোভরত চালকেরা জানান, ১০ চালকের উপর থেকে সাসপেনশন তুলে কর্তৃপক্ষকে আলোচনায় বসতে হবে। না হলে এইচপিসিএলের সাথে যুক্ত সব চালকেরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখবেন।
যদিও চালকদের এই বিক্ষোভ ও হুঁশিয়ারির প্রেক্ষিতে এইচপিসিএল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।