নিজস্ব সংবাদদাদাত,দুর্গাপুরঃ- আলোর উৎসব কালীপুজোকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেল দুর্গাপুরের কাশীরাম বস্তি এলাকায়। শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো খুঁটিপুজো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বহু সাধারণ মানুষ।
খুঁটিপুজোর মঞ্চ থেকেই এবারের পুজোকে ঘিরে একাধিক সামাজিক ও বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেন যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এ বছর নারীশক্তিকে সম্মান জানাতে পুজোয় মহিলাদের বিশেষ ভূমিকা থাকবে। পুজোর আগে এলাকার মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হবে এবং সেই শাড়ি পরেই মহিলারা মায়ের ঘট আনতে যাবেন। এর পাশাপাশি পুজো উপলক্ষে থাকবে চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
তবে উৎসবের আনন্দের মাঝে সামাজিক অবক্ষয় রুখতে এক কড়া বার্তা দিয়েছেন এই বিজেপি নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুজোকে কেন্দ্র করে এলাকায় কোনোভাবেই জুয়া কিংবা মদের আসর বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য, জুয়ার মরণনেশায় কালীপুজোর রাতে বহু মানুষ সর্বস্বান্ত হয়ে পড়েন, যা গরিব পরিবারগুলির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় কড়া নজরদারি চালানো হবে।একইসঙ্গে রাজনৈতিক বিভেদ ভুলে দলমত নির্বিশেষে এলাকার সমস্ত মানুষকে একসঙ্গে উৎসবে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। ।