নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি আর ক্ষমতার পালাবদলের পর বাস্তবের মিল নেই— এই অভিযোগে এবার ক্ষোভে ফেটে পড়লেন দুর্গাপুরের মহিলারা। 'অন্নপূর্ণা যোজনা'র সুবিধা থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তরের সামনের রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন একদল মহিলা।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে তাঁরা নিয়মিত 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের সুবিধা পেতেন। কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাঁরা নতুন 'অন্নপূর্ণা যোজনা'র আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, ভোটের প্রচার পর্বে বিজেপি নেতৃত্ব বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। কিন্তু ভোট মিটতেই এবং ক্ষমতায় আসতেই সুর বদলেছে নতুন সরকারের। এখন আর্থিক সক্ষমতা পরীক্ষা সহ নানা নিয়মের অজুহাত দেখিয়ে বহু সাধারণ মহিলাকে এই প্রকল্পের আওতার বাইরে রাখা হচ্ছে।
এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সিটিসেন্টারে মহকুমা শাসক দপ্তরের সামনের মূল রাস্তায় বসে পড়েন মহিলারা। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই পথ অবরোধ। এর জেরে ওই ব্যস্ততম এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ সমস্যায় পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশের পদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে প্রায় আধ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
তবে আন্দোলনকারী মহিলারা সাফ হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে যদি তাঁদের এই অন্নপূর্ণা যোজনার আওতায় এনে প্রাপ্য অর্থ দেওয়া না হয়, তবে আগামী দিনে তাঁরা মহকুমা শাসক দপ্তরের সামনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন।