সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- স্বাধীনতা দিবসের প্যারেড শেষে উধাও ইসিএলের জামুড়িয়ার সাতগ্রাম এরিয়ার নিংঘা কোলিয়ারির নিরাপত্তা বিভাগের কর্মী রাহুল ভট্টাচার্যের (৩৪ )। বন্ধ রয়েছে তাঁর মোবাইল, ফলে বাড়ছে রহস্য। কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী । তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, জামুড়িয়া থানার পনিয়াটি ওয়ার্কশপের কোয়ার্টার নম্বর পিডাবলুএস/এনএইচএস/৭১-এ থাকেন রাহুল ভট্টাচার্য । ১৫ আগস্ট শনিবার ভোর প্রায় ৫টা নাগাদ নিজের মোটর বাইকে সাঁকতোড়িয়া গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেন তিনি স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে। পরিবারের দাবি,প্যারেডে অংশ নেওয়ার পর থেকেই রাহুলের সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। পরে সাঁকতোড়িয়া গ্রাউন্ডে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, রাহুল প্যারেডেও অংশ নিয়েছিলেন। প্যারেড শেষে তিনি সেখান থেকে বেরিয়েও গিয়েছিলেন। কিন্তু তারপর তাঁর আর কোন সন্ধান মেলেনি। ঘটনায় উদ্বেগ আরো বাড়িয়েছে রাহুলের মোবাইল ফোন বন্ধ থাকায়।
স্বাধীনতা দিবসের প্যারেডে যোগ দেওয়ার পর একজন ইসিএল নিরাপত্তাকর্মীর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে পরিবারে। ইসিএল কতৃপক্ষও এই ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। প্যারেডে তাঁর উপস্থিতি নিশ্চিত হলেও অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি কোথায় গেছেন , কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, কিংবা কোন পথে রওনা দিয়েছিলেন, তার কোন স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত মেলেনি।
নিখোঁজ রাহুলের গতিবিধি, সম্ভাব্য যাতায়াতের পথ এবং যোগাযোগের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।