মনোজ সিংহ, দুর্গাপুর:- রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক তৃণমূল নেতাদের উপর ডিম ছোড়ার ঘটনায় এবার নাকি অদ্ভুত সংকটে পড়েছে ডিম ব্যবসায়ীরা। অভিযোগ,সাধারণ মানুষের রান্নাঘরের আগে থেকেই ডিমের চাহিদা ছিল,আর এখন রাজনৈতিক ময়দানে ডিমের চাহিদা বেড়ে গেছে। ফলে বাজারে ডিমের দামেও আগুন।
স্থানীয় বাজার সূত্রে খবর, আগে যে পচা ডিম বিক্রি না হয়ে ডাস্টবিনে যেত, এখন সেই ডিমই নাকি “বিশেষ রাজনৈতিক চাহিদা” কারণে আলাদা করে তুলে রাখা হচ্ছে। এক বিক্রেতার কথায়,আগে মানুষ ফ্রেশ ডিম চাইত, এখন কেউ কেউ এসে জিজ্ঞেস করছে, “দাদা,একটু বেশি গন্ধওয়ালা পচা ডিম আছে?”
অর্থনীতিবিদদের একাংশের কটাক্ষ, দেশে আলু-পেঁয়াজের পর এবার রাজনৈতিক সূচকে নতুন সংযোজন, ডিম ইনডেক্স! কেউ কেউ আবার বলছেন, যে হারে রাজনৈতিক কর্মসূচিতে ডিমের ব্যবহার বাড়ছে। তাতে আগামী দিনে ‘প্রতিবাদী ডিম’ আলাদা ক্যাটাগরি পেয়ে যেতে পারে বলে মনে করছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা।
এদিকে গৃহিণীদের একাংশের ক্ষোভ,”বাচ্চাদের খাওয়ানোর জন্য ডিম কিনতে এসে শুনছি সব ভালো ডিম শেষ! রাজনীতি যদি রান্নাঘরে ঢুকে পড়ে, তাহলে সংসার চলবে কীভাবে?” তবে রাজনৈতিক মহলের মতে, ডিম ছোড়া নতুন কিছু নয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিবাদের প্রতীক হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিবাদে প্রতীকী কর্মসূচির প্রবণতা বাড়ছে বলেও পর্যবেক্ষকদের মত।


















