সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল শিল্পাঞ্চলজুড়ে অবৈধ লোহা ও কারখানার ছাঁটাই মাল কেনাবেচার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে রাজ্য পুলিশ। রানিগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ লোহার কাটার চক্রের সন্ধান মিলেছে। রানিগঞ্জ, অন্ডাল ও জামুড়িয়া থেকে সংগৃহীত লোহা এই কাটায় আসত বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গত তিন দিন আগে অবৈধ লোহার ব্যবসার অভিযোগে এমডি গাফার ও এমডি আহমদ রাজাকে গ্রেপ্তার করে রানিগঞ্জ থানা। তবে অপর অভিযুক্ত এমডি ইরফান এখনও পলাতক। ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে একটি লোহার কাটায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এগুলি খতিয়ে দেখে আরও তথ্য মিলবে বলে অনুমান।
স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় একটি বড় নেটওয়ার্ক তৈরি হয়েছিল। বর্তমানে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।