এই বাংলায় দক্ষিণ বাংলা

বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি বৃদ্ধিতে রাশ, বছরে ৫ শতাংশের বেশি বাড়ানো যাবে না ফি; বাড়তি টাকা ফেরত বা অ্যাডজাস্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর

By Eaibanglai - November 28, 2026
— Advertisement —
Advertisement
বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি বৃদ্ধিতে রাশ, বছরে ৫ শতাংশের বেশি বাড়ানো যাবে না ফি; বাড়তি টাকা ফেরত বা অ্যাডজাস্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এই বাংলায় ওয়েব ডেস্ক,কলকাতাঃ- রাজ্যের ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধির অভিযোগে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। শুক্রবার ৩৬০টি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বছরে ৫ শতাংশের বেশি ফি বাড়ানো যাবে না। চলতি শিক্ষাবর্ষে কোনো স্কুল ৫ শতাংশের বেশি ফি নিয়ে থাকলে, সেই অতিরিক্ত টাকা অভিভাবকদের ফেরত দিতে হবে অথবা পরবর্তী সেমিস্টারে তা সমন্বয় (অ্যাডজাস্ট) করে দিতে হবে। প্রয়োজনে দেশের অন্য ৭টি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে কঠোর আইন আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৈঠকে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং সিবিএসই -র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, ফি নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করা হবে এবং আগামী ১ ডিসেম্বর থেকে শিক্ষা দপ্তর দুটি পৃথক পোর্টাল চালু করতে চলেছে। এর মধ্যে একটি পোর্টালে বেসরকারি স্কুলগুলি তাদের সমস্যার কথা জানাতে পারবে এবং অন্য পোর্টালে অভিভাবকরা নিজেদের পরিচয় গোপন রেখে অতিরিক্ত ফি বা আর্থিক বোঝার বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

এছাড়াও, বেসরকারি স্কুল সংক্রান্ত সার্বিক সমস্যা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে। স্কুলের গেটের সামনে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিনের বৈঠকে উপস্থিত সিংহভাগ স্কুল কর্তৃপক্ষই সরকারের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement