নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পবিত্র জন্মাষ্টমী উৎসব উপলক্ষে দুর্গাপুর যদুবংশী সেবা সমিতির উদ্যোগে আয়োজিত হল একটি বিশাল ও বর্ণাঢ্য মহা র্যালি। শুক্রবার আয়োজিত এই শোভাযাত্রায় দুর্গাপুরের আপামর কৃষ্ণভক্ত ও যদুবংশী সেবা সমিতির সদস্যদের পাশাপাশি বিশেষভাবে অংশ নেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই।
এ দিন দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় থেকে এই মহা র্যালির সূচনা হয়। সুসজ্জিত একটি বিশাল ট্রেলারে রাখা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিসদৃশ ছবি ও প্রতিকৃতি ছিল এই শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ। র্যালিটি ওল্ড কোর্ট মোড় থেকে শুরু হয়ে বেনাচিতি বাজার প্রদক্ষিণ করে। এরপর দুর্গাপুর ইস্পাত নগরীর (ডিএসপি টাউনশিপ) বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা পরিক্রমা করে অবশেষে দেশবন্ধুনগরের শ্রীকৃষ্ণ মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রা চলাকালীন কয়েকশো ভক্ত ও যদুবংশী সেবা সমিতির সদস্যরা একাধিক বাইকে চেপে র্যালিতে অংশ নেন। শ্রীকৃষ্ণের জয়ধ্বনি, শঙ্খধ্বনি এবং ভক্তিগীতিতে গোটা শিল্পাঞ্চল মুখরিত হয়ে ওঠে। উৎসবের আবহে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এবং আয়োজক কমিটির সদস্যরা এই শুভ উৎসবে শামিল হয়ে দুর্গাপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এই বর্ণাঢ্য র্যালিটি সম্পন্ন হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।