নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেননি, এমনকি কাউকে কোনও ওটিপিও দেওয়া হয়নি। তা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল নগদ ৬ লক্ষ টাকা! দুর্গাপুরের বিধাননগর এলাকার এক ব্যবসায়ীর সাথে ঘটা এই চাঞ্চল্যকর সাইবার প্রতারণার ঘটনায় ব্যাংকের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী প্রবুদ্ধ গুহ জানান, গত শুক্রবার থেকে তাঁর মোবাইলে একাধিক সন্দেহজনক কল আসছিল। ফোনে প্রয়োজনীয় নথির নানা তথ্য ও ওটিপি চেয়ে তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয় যে, কথা না শুনলে বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে এবং ব্যাংকের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। তবে প্রবুদ্ধবাবু সেই হুঁশিয়ারিতে দমে যাননি এবং কোনও ওটিপি বা ব্যক্তিগত তথ্য কারও সাথে শেয়ার করেননি।
বরং বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সোমবার সকালে ব্যাংক খুলতেই তিনি বিধাননগরের ইন্ডাস ল্যান্ড ব্যাংকের শাখায় সশরীরে হাজির হন। ব্যাংক কর্তৃপক্ষকে তিনি পুরো বিষয়টি জানান এবং সুরক্ষার আবেদন করেন। কিন্তু অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ তৎক্ষণাৎ তাঁর অ্যাকাউন্টটি ফ্রিজ না করে, উল্টে তাঁকে ফোন নম্বর বদলানোর পরামর্শ দেয়। ব্যাংকের এই গাফিলতির কয়েক ঘণ্টার মধ্যেই প্রবুদ্ধবাবুর মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। তিনি দেখতে পান, তাঁর অজান্তেই অ্যাকাউন্ট থেকে একসঙ্গে ৬ লক্ষ টাকা ডেবিট হয়ে গিয়েছে।
ব্যবসায়ী ও তাঁর পরিবারের দাবি, চিকিৎসার খরচ এবং ছেলের পড়াশোনার অ্যাডমিশনের জন্য ওই অর্থ ব্যাংকে জমিয়ে রেখেছিলেন তাঁরা। ব্যাংকের চরম উদাসীনতার কারণেই এই জালিয়াতি সম্ভব হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
ঘটনার পরই সংশ্লিষ্ট ব্যাংকের পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI), সাইবার ক্রাইম থানা এবং নিউটাউনশিপ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন প্রবুদ্ধবাবু।
এদিকে ওটিপি বা লিঙ্ক ছাড়াই কীভাবে এই বিপুল অঙ্কের টাকা উধাও হলো এবং ব্যাংকের তরফ থেকে কেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হলো না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।