নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক ব্যক্তির বাড়ির এনআইএ-এর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার ভোরে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে পৌঁছে যায় জাতয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয় তল্লাশি।
সূত্রের খবর, আন্তর্জাতিক মানব পাচার চক্র মামলায় বেশ কিছুদিন ধরেই তদন্ত করছে এনআইএ। সেই তদন্তের স্বার্থেই এদিন সকালে সংস্থার হেডকোয়ার্টার থেকে কয়েকজন তদন্তকারী আধিকারিক দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম রব্বানি নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোলাম রব্বানি তিন বছর আগে বিহারের মুজফফরপুর থেকে দুর্গাপুড়ে এসেছিলেন। এরপর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতে শুরু করেন তিনি।
প্রসঙ্গত,মানব পাচার চক্র মামলায় রাজ্যে এনআইএ-র অভিযান এই প্রথম নয়। কয়েক বছর আগেই উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় তল্লাশি চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল।