সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নীরবতা কখনও কখনও শব্দের চেয়েও বেশি তীব্র। সেই নীরবতার মধ্যেই এদিন যেন ফিরে এল এক বেদনাদায়ক স্মৃতি—‘অভয়া’র কথা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অন্যান্য হাসপাতালের পাশাপাশি আসানসোল জেলা হাসপাতালেও অভয়া কাণ্ডের প্রতিবাদে পালন করা হল নীরবতা। উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ মহম্মদ ইউনুস সহ জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
এদিন হাসপাতাল চত্বরে নেমে এসেছিল এক গভীর বিষণ্ণতা। ব্যস্ততার পরিচিত শব্দের মাঝেও কিছুক্ষণ যেন থমকে দাঁড়িয়েছিল সময়। অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা সেই নীরবতা হয়ে উঠল প্রতিবাদের এক মর্মস্পর্শী ভাষা।
এদিন অভয়ার স্মৃতির উদ্দেশ্যে নিজের লেখা কবিতা পাঠ করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কণ্ঠে কবিতার প্রতিটি শব্দ যেন বহন করছিল শোক, যন্ত্রণা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা। উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের চোখেমুখেও ফুটে ওঠে আবেগের ছাপ।
একটি প্রাণের চলে যাওয়া শুধু একটি পরিবারের শোক নয়- তার অভিঘাত ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি বিবেকবান মানুষের মনে। তাই এদিনের নীরবতা ছিল শুধু স্মরণ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে এক সংযত অথচ গভীর উচ্চারণ। অভয়ার স্মৃতি যেন বারবার মনে করিয়ে দিল- নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের দাবি কোনওদিনই নীরব হয়ে যেতে পারে না।