নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাইবার অপরাধের বাড়বাড়ন্ত রুখতে বড়সড় সাফল্য পেল দুর্গাপুরের পুলিশ। বেনাচিতির প্রান্তিকা ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবক ও এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ প্রায় ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন ১৯ বছর, সে নিউ টাউনশিপ থানা এলাকার ভ্যাম্বে কলোনির বাসিন্দা। অপরজন মাত্র ১৫ বছরের এক নাবালক, যার বাড়ি কাদা রোড এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই দুই অভিযুক্ত মূলত ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) হাতিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার একটি বড়সড় জাল ছড়িয়েছিল।
তদন্তকারীদের সবচেয়ে বড় সন্দেহের জায়গা হলো ঝাড়খণ্ডের কুখ্যাত 'জামতাড়া গ্যাং'। পুলিশের ধারণা, ধৃতদের এই প্রতারণা কৌশলের পেছনে জামতাড়া গ্যাংয়ের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র থাকতে পারে। এই চক্রে দুর্গাপুর বা তার পার্শ্ববর্তী অঞ্চলের আর কোনো রাঘববোয়াল জড়িয়ে রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। গোটা প্রতারণা চক্রের শিকড়ে পৌঁছতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ প্রশাসন। আইনি প্রক্রিয়া মেনে, ১৯ বছরের যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে এবং ১৫ বছরের নাবালককে আসানসোল জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে উদ্ধার হওয়া নগদ টাকার আসল উৎস খোঁজার পাশাপাশি এই গ্যাংয়ের বাকি সদস্যদেরও দ্রুত জালে তোলা সম্ভব হবে।